
মহাষষ্ঠীর মাধ্যমে আগামী ৯ অক্টোবর সারাদেশের ন্যায় সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ সময়ের কাজ। ইতোমধ্যে অধিকাংশেরও বেশি প্রতিমা শিল্পী দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছেন। এখন বিভিন্ন আচার-অনুস্মরণ করে সাজসজ্জা ও চক্ষুদান করা হবে। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।
বিয়ানীবাজার উপজেলায় এবার ৪৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা পালন করবেন সনাতন ধর্মালম্বীরা। এর মধ্যে ৩৫টি সর্বজনীন এবং ৯টি ব্যক্তিগত পূজা মণ্ডপ প্রস্তুত করা হচ্ছে। বিয়ানীবাজার পৌরসভায় ৭টি মন্ডপে এবার পূজা উদযাপন করা হবে। অবশিষ্ট মণ্ডপ উপজেলার প্রত্যন্ত এলাকায় রয়েছে।
সরেজমিনে বিভিন্ন মন্দির ও মণ্ডপ ঘুরে দেখা গেছে, মন্দির ও অস্থায়ী পূজামণ্ডপে দুর্গোৎসবের জোর প্রস্তুতি চলছে। কারিগররা প্রতিমার চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন। পৌরশহরের সবকটি শপিং মলগুলোতে চলছে পূজার কেনাকাটা। গত কয়েকদিন ধরে শহরের জামান প্লাজা, আজির মার্কেট, আল-আমিন সুপার কমপ্লেক্স ও হাজী আব্দুস সাত্তার শপিং কমপ্লেক্সসহ সকল বিপণিবিতান ও দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
এছাড়া পূজার নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বিভিন্ন মার্কেটসহ পৌরশহরের কিচেন মার্কেটস্থ ঐতিহ্যবাহী দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে শঙ্খের খোল, প্রতিমার কাপড়, ঘণ্টা, হাঁড়ি, মাটির প্রদীপ, আগরবাতি, দেবতার মালা, মুকুট, শাড়ি, ধুতি, পাঞ্জাবি ও অন্যান্য অলঙ্কার বিক্রি চলছে পুরোদমে।
এদিকে, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে উপজেলা ও থানা পুলিশ প্রশাসন সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিবারের ন্যায় এবার নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে উপজেলা ও পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা সনাতন ধর্মালম্বীদের সাথে একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
বিয়ানীবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন জানান, পূজার প্রস্তুতি চলছে ব্যাপকভাবে। এখনো সরকারের পক্ষ থেকে কোন বরাদ্দ পাওয়া যায়নি। তবে অচিরেই তা মণ্ডপ কমিটির হাতে পৌঁছে দেয়া হবে। নির্বিঘ্নে পূজা আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, আগামী বুধবার থেকে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা শুরু হবে। এ ব্যাপারে প্রত্যেকটি পূজামণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। পুলিশ ও আনসার-ভিডিপির পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, শারদীয় উৎসবে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। আশা করছি, সবার সহযোগিতায় শারদীয় উৎসব নির্বিঘ্নে এবং সাবলীলভাবে সম্পন্ন হবে। তিনি জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। তাছাড়া উপজেলার ৪৪টি পূজা মন্ডপে ২৭৬জন আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করবেন।
প্রকাশক: আতিকুর রহমান মোহন ।। সম্পাদক: শহিদুল ইসলাম সাজু
কার্যালয়: আলহাজ্ব জলিল ভিলা, মাথিউরা আরেঙ্গাবাদ, বিয়ানীবাজার, সিলেট।
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷