বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে আসা এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়ে রেফার করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল হক খান।
তিনি জানান, বর্তমানে চিকিৎসাধীন শিশুদের বয়স ৪ থেকে ৫ বছরের মধ্যে এবং তারা আশঙ্কামুক্ত রয়েছে। অনেক রোগী এলেও পরীক্ষা-নিরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে হাম শনাক্ত হচ্ছে না। এ ধরনের উপসর্গ নিয়ে আসা শিশুদের রক্ত ও মল (স্টুল) পরীক্ষা করা হচ্ছে।
এক শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অভিভাবকদের ওসমানি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপর এক শিশুকে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দিয়ে বাসায় পাঠানো হয়েছে।
ডা. মনিরুল হক খান আরও জানান, বর্তমানে হামের টিকার কিছুটা সংকট রয়েছে। এ সংকট কাটাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সর্দি-জ্বর, হাঁচি-কাশি এবং শরীরে লালচে র্যাশ দেখা দেওয়া হামের প্রধান লক্ষণ। এ ধরনের উপসর্গ দেখা দিলে শিশুদের আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।
প্রকাশক: আতিকুর রহমান মোহন ।। সম্পাদক: শহিদুল ইসলাম সাজু
কার্যালয়: আলহাজ্ব জলিল ভিলা, মাথিউরা আরেঙ্গাবাদ, বিয়ানীবাজার, সিলেট।
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷