
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও দলটির নেতাসহ গুরুত্বপূর্ণ ১৪৯ ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় পাঠানো হয়েছে। ওই তালিকায় নুরুল ইসলাম নাহিদের নামও রয়েছে।
নিষেধাজ্ঞার ওই তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ১৫ জন সাবেক মন্ত্রী, ৮ জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ২০ জন সাবেক সচিব ও ৬৪ জন সাবেক সংসদ সদস্য (এমপি)। এ ছাড়া তালিকাটির মধ্যে এমন অন্তত ৮ জন রয়েছেন, যারা গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে বা পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আরও ৭ জন বিদেশে পালিয়েছেন। বিগত সরকারের আমলের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নামও রয়েছে এ তালিকায়।
পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা জানান, যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে, তাদের নামে বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তারা দেশ ছেড়ে গেলে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হতে পারেন। পাশাপাশি নিষেধাজ্ঞার আওতায় যারা আছেন, তারা আবার বিভিন্ন মাধ্যমে অবৈধভাবে দেশ ছাড়ার চিন্তা করছেন। এতে করে দেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বেগবান হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য তাদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরদিকে যদি কোনো ব্যক্তি নিজেকে নির্দোষ মনে করেন, তাহলে তিনি বিদেশে যেতে হলে আদালতের শরণাপন্ন হতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এসবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর কিছু ব্যক্তির বিদেশে যেতে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে।
প্রকাশক: আতিকুর রহমান মোহন ।। সম্পাদক: শহিদুল ইসলাম সাজু
কার্যালয়: আলহাজ্ব জলিল ভিলা, মাথিউরা আরেঙ্গাবাদ, বিয়ানীবাজার, সিলেট।
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷