
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) এর প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)। তিনি বর্তমানে সিলেট শহরে বসবাস করলেও তাঁর পৈত্রিক নিবাস বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পূর্বপার গ্রামে।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর ধারা ৮(১) অনুযায়ী জনাব রেজাউল হাসান লোদী-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালে। সিলেট সিটি করপোরেশন এলাকা ও এর আশপাশকে পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনতে, পর্যটনসমৃদ্ধ অঞ্চলগুলোকে আধুনিক অবকাঠামোসহ গড়ে তুলতে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এই কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ২০২২ সালের ২২ আগস্ট মন্ত্রিসভা ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’।
এর আগে গত ডিসেম্বরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় চট্টগ্রামের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদি উর রহিম জাদিদকে।