
বিয়ানীবাজার উপজেলার নারী শিক্ষার অগ্রদূত হিসেবে পরিচিত জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসায় জান্নাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর মেধাবৃত্তি প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোস্তফা উদ্দিন। সহকারী শিক্ষক আতিকুল ইসলাম রুকন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে-এর ভাইস প্রেসিডেন্ট হিফজুর রহমান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আব্দুর রব কছির আলী, ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের চেয়ারম্যান রাহুল এ রহমান, মাদ্রাসার প্রাক্তন শিক্ষক যুক্তরাজ্য প্রবাসী রুকন আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা সাদিক হোসেন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু, অভিভাবক সদস্য ডা. শাহরিয়ার হোসেন ও রোটারিয়ান ছালেহ আহমদ।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ।
জান্নাতুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির মোট ৫১ জন মেধাবী শিক্ষার্থীকে মেধা ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মানিত করার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।