সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার-শেওলা সড়কে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের দাবি মেনে নেওয়ায় এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
এর আগে এর (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট-জকিগঞ্জ সড়কের কামালগঞ্জ এলাকায় সড়কে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তেজিত ছাত্রজনতা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জকিগঞ্জ থানা পুলিশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব দত্ত ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালানো হয়।
এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে পূর্বঘোষণা ছাড়াই সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ থেকে চারখাই পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখে পরিবহন শ্রমিকরা। এছাড়াও চারখাই-শেওলা সড়কেও বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদ করে শ্রমিকরা। আজ মঙ্গলবারও সিলেট-জকিগঞ্জ ও সিলেট-শেওলা সড়কের কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
দিনভর ভোগান্তি শেষে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন নেতারা। পরে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বৈঠক শেষে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, বৈঠকে জনতার হাতে আটক বাসগুলো শ্রমিক নেতাদের মাধ্যমে হস্তান্তর করা হবে। আর কোনো বাস চালক বা শ্রমিদের উপর হামলার ঘটনা ঘটবে না। এছাড়া জড়িতদের আইনের আওতায় আনা হবে।