বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রা এবার যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. মাহফুজুর রহমান খালেদ। বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের এ কৃতি সন্তান এক শতক ভূমি দিয়ে নবপ্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের সাথে নিজেকে যুক্ত করলেন। এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ রোববার দুপুরে গোলাবিয়া পাবলিক লাইব্রেরি হলরুমে মতবিনিময় ও সংবর্ধনা সভার আয়োজন করে। এ সভায় মতবিনিময় এবং সংবর্ধনা সভার সংবর্ধিত ও প্রধান অতিথি ডা. মাহফুজুর রহমান খালেদ এক শতক সমপরিমান ভূমির মূল্য সাড়ে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা ও বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, ঘুঙ্গাদিয়া বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা মঈন উদ্দিন, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, স্কুলের উদ্যোক্তা সদস্য হাসান আহমদ, উচ্চ বিদ্যালয় উদ্যোক্তা কমিটির অর্থ বিষয়ক আহ্বায়ক আব্দুল বাসিত টিপু, যুক্তরাষ্ট্র প্রবাসী সাফরান সামির রহমান।
সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন জানিয়ে ডা. মাহফুজুর রহমান খালেদ বলেন, অদূর ভবিষ্যতে এ বিদ্যালয়ের কতটুকু প্রয়োজন ছিল সেটি বুঝা যাবে।
এ বিদ্যালয় প্রতিষ্ঠায় যেসকল দেশি-বিদেশী শিক্ষানুরাগী ব্যক্তি অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতিথি ও বিদ্যালয় সংশ্লিষ্টরা বলেন, সবার সহযোগিতায় অল্প সময়ের মধ্যে বিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, উপদেষ্টা আহমদ মহসিন বাবর, উদ্যোক্তা আব্দুল কুদ্দুস, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সাল আহমদ, উদ্যোক্তা ও ভবন নির্মাণ কমিটির আহবায়ক সাইফুল আলম ঝুনু, উদ্যোক্তা সদস্য খসরুজ্জামান খছরু, বিয়ানীবাজার গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল ইসলামসহ আরো অনেকে। পরে প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।