
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর চূড়ান্ত ফলাফলে বিদ্যালয়টি দেশের সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।
জানা গেছে, শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুষ্ঠু একাডেমিক কার্যক্রম পরিচালনা, সহশিক্ষা কার্যক্রমে সাফল্য, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জনের ভিত্তিতে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।
আগামী ১৫ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। ওই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষেও এ সম্মানজনক পুরস্কার গ্রহণ করা হবে।
এদিকে, এ গৌরবজনক অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ এবং স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা বেগম এ স্বীকৃতির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, এ অর্জন বিদ্যালয়ের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশ এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাবে।