1. [email protected] : shahidul :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

দুদিনেই পাল্টে গেল রাতের সিলেটের চিত্র, ‘আড্ডাবাজ’ শূন্য রাস্তা-ঘাট

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

সিলেট নগরীতে রাতের চেনা চিত্রে যেন হঠাৎ ছেদ পড়েছে। প্রতিদিনই রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেখানে বিভিন্ন সড়ক, মোড় ও অলিগলিতে তরুণদের আড্ডা জমে উঠতো, পুলিশের সাঁড়াশি অভিযানের পর সেসব জায়গায় নেমেছে অনেকটা নীরবতা।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে নগরীর সাগরদীঘিরপাড়, এয়ারপোর্ট, আম্বরখানা ও উপশহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের অবস্থান ও টহলের কারণে অনেকটা ফাঁকা দেখা গেছে। রাস্তার পাশের বিভিন্ন খাবারের দোকানপাটও রাত আটটার পর থেকে বন্ধ রয়েছে।

গত রোববার (৪ অক্টোবর) রাত থেকে কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদকসেবী ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। প্রথম দিনের অভিযানে ৪২ জনকে আটক করা হয়। পরের দিন আরও অন্তত ৬০জনকে আটক করা হয়।

এরপর থেকেই নগরের বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়কের মোড়, পয়েন্ট ও অলিগলিতে রাতের বেলায় নজরদারি জোরদার করা হয়েছে। ফলে আগে যেসব স্থানে রাত পর্যন্ত তরুণদের আড্ডা বা দলবদ্ধ অবস্থান চোখে পড়ত, সেসব জায়গায় এখন অনেকটাই নীরবতা দেখা যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের পাশাপাশি মাদক ব্যবসায়ী, আদালতে সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারযোগ্য ব্যক্তিদের খোঁজা হচ্ছে। একই সঙ্গে বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত করতেও নজরদারি চলছে।

জানা গেছে, রাত আটটার পর থেকে অকারণে বিভিন্ন সড়ক, মোড় ও অলিগলিতে দলবদ্ধভাবে অবস্থান নেওয়া তরুণদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সিলেট এয়ারপোর্ট রোডের ভ্রাম্যমান ব্যবসায়ী সাকিব হাসান বলেন, গতদিন পুলিশ অভিযান দিয়েছে। আড্ডাবাজ তরুণদের সতর্ক করে গেছে। একই সঙ্গে ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। যে কারণে আজ রাত আটটার পরেই রাস্তাঘাট অনেক ফাঁকা হয়ে গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, রাতে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।

তিনি বলেন, ‘রাতে অকারণে অলিগলি বা বিভিন্ন মোড়ে আড্ডা দেওয়া ব্যক্তিদের পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। প্রয়োজন হলে আটক করা হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও ছিনতাই প্রতিরোধে প্রতিদিন এ ধরনের অভিযান চালানো হবে।’

আফজাল হোসেন বলেন, প্রথমদিনের অভিযানে ৪২ জনকে আটক করা হয়েছে। দ্বিতীয় দিন আরও প্রায় ৬০জনকে আটক করা হয়। আজ তৃতীয় দিনের মতো অভিযান চলছে। অভিযান শেষে আটকের বিষয়টি জানানো হবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷