
পঞ্চম বিশ্বকাপ জয়ের ২৪ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক সেই সাফল্যের স্মৃতিচারণ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বুধবার (১ জুলাই) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ২০০২ সালের বিশ্বজয়কে স্মরণ করে পোস্ট দেয় সংস্থাটি।
২০০২ সালের ৩০ জুন জাপানের ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ইতিহাসের পঞ্চম বিশ্বকাপ জেতে ব্রাজিল। ম্যাচের দুই গোলই করেন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।
সেই বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন রোনালদো। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালের হতাশা এবং একাধিক গুরুতর হাঁটুর চোট কাটিয়ে ফিরে এসে তিনি পুরো আসরে সর্বোচ্চ ৮ গোল করে জেতেন গোল্ডেন বুট।
রোনালদো, রিভালদো ও রোনালদিনহোকে নিয়ে গড়া বিখ্যাত ‘থ্রি আর’ আক্রমণভাগের পাশাপাশি গিলবার্তো সিলভা, লুসিও, মার্কোসদের সমন্বয়ে কোচ লুইজ ফেলিপে স্কোলারির দলটি পুরো টুর্নামেন্টে ছিল অপরাজেয়।
গ্রুপ পর্বে তুরস্ক, চীন ও কোস্টারিকাকে হারিয়ে নকআউটে ওঠে ব্রাজিল। পরে বেলজিয়াম, ইংল্যান্ড ও তুরস্ককে বিদায় করে ফাইনালে জায়গা করে নেয়। জার্মানিকে হারিয়ে টুর্নামেন্টের সাতটি ম্যাচই জিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তিও গড়ে সেলেসাওরা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ ও ১৯৯৪ সালের পর ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল। এরপর ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং চলমান ২০২৬ বিশ্বকাপেও শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন এখনো অধরাই রয়ে গেছে। তবে ২০০২ সালের সেই ঐতিহাসিক সাফল্য আজও ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম গর্বের অধ্যায়।