
সিলেটের কানাইঘাট উপজেলার মুলাগুল বাজার এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে মজনু মিয়া (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া কানাইঘাট উপজেলার দক্ষিণ বাউরভাগ গ্রামের বাসিন্দা এবং রফিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রহমান সার্ভিস সেন্টার’-এর একজন কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ চলাকালে মজনু মিয়া বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার দাবি করেছে, কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিতকরণ এবং পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, বিদ্যুৎ সংযোগের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা বা অপমৃত্যু মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান রহমান সার্ভিস সেন্টার এবং বাড়ির মালিক ফয়ছল আহমদের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
এলাকাবাসীর মতে, শ্রমিকের মৃত্যুর ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।