স্টাফ রিপোর্টার :: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এডভোকেট জাহিদুর রহমানের বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতে উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এডভোকেট জাহিদুর রহমান বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে পুলিশ ঘঘটনাস্থল পরিদর্শন করেনি।
অভিযোগপত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, একজন সমাজসেবক ও দানবীর ব্যক্তি হিসাবে স্থানীয় এলাকাবাসীর কাছে যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট জাহিদুর রহমান খুবই জনপ্রিয়। তবে গণঅধিকার পরিষদের রাজনীতিতে যোগদানের পর থেকেই নানা কারণে তার রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে তাকে ভয়ভীতি দেখাতে তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়া হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
আবুল কালাম, রইছ উদ্দিন, মইন উদ্দিন, জাবের আহমদ, আলী এমরান সুমন, কাওছার আহমদ, সুফিয়ান আহমদ, আবুল কাশেমসহ স্থানীয় এলাকার বেশ কয়েকজন জানান, যদি ইউটার্ণ নিতে গিয়ে কোন গাড়ি দেয়ালের সাথে ধাক্কা লাগতো তাহলে অবশ্যই গাড়ির ভাঙ্গা কাঁচ কিংবা ক্ষতিগ্রস্ত অংশের চিহ্ন পাওয়া যেত। এরকম কোন কিছুই পাওয়া যায়নি। তাদের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এডভোকেট জাহিদুর রহমানের বসতবাড়ির প্রধান ফটক সংলগ্ন সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়া হয়েছে। তারা এডভোকেট জাহিদুর রহমানের রাজনৈতিক পথচলায় অদূর ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন বলে উৎকন্ঠা প্রকাশ করেন।
এডভোকেট জাহিদুর রহমান বলেন, আমি আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল একজন মানুষ। অজ্ঞাত কিছু লোক রাতের আঁধারে আমার বাড়ির প্রধান ফটক লাগোয়া দেয়াল ভেঙ্গে দিয়েছে বলে আমি ধারণা করছি। আমি এ বিষয়ে বিয়ানীবাজার থানা পুলিশকে মুঠোফোনে এবং লিখিত অভিযোগ দিয়ে অবগত করেছি।
মাথিউরা ইউপির ৮নং নালবহর ওয়ার্ডের সদস্য ফয়জুল হক নজমুল বলেন, আমি ঘটনাটি শুনেছি। ভুক্তভোগী ব্যক্তি থানা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। আমি প্রত্যাশা করছি, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনার তিন দিন পার হওয়ার পরেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছ থেকে জেনে আপনাকে জানাচ্ছি।’