
বিয়ানীবাজার উপজেলায় শাহীন আহমদ (৩০) নামের এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) আনুমানিক বিকেল ৩টার দিকে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহীন আহমদ কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মোল্লাপুর গ্রামে তার মামার বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ঘরের লিন্টারের (বিম) সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহীনকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছব্জানান, “আমরা বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং শাহীন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করি। নিহতের স্ত্রী কুলসুমা বেগম থানায় একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। যেহেতু তিনি শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন, তাই পরিবারের ধারণা কোনো কারণে তিনি নিজেই ঘরের লিন্টারের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ নিয়ে পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ নেই।”
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।