
বিয়ানীবাজার উপজেলার চারখাই বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন ব্যবসায়ী ধলা মিয়া। নির্বাচনে অনিয়ম, জাল ভোট প্রদান, অবৈধ ভোটার অন্তর্ভুক্তি, পক্ষপাতিত্ব এবং অবৈধভাবে চেয়ারম্যানের ট্রেড লাইসেন্স বিক্রিসহ আর্থিক বিভিন্ন অভিযোগ এনে গত ৭ অক্টোবর সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন।
মামলার অভিযোগে ধলা মিয়া দাবি করেছেন, চারখাই বণিক সমিতির নির্বাচনে নিয়মবহির্ভূতভাবে ভোটার তালিকায় অবৈধ ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পক্ষপাতমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যানের ট্রেড লাইসেন্স অবৈধভাবে বিক্রি করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটের অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন বলেও মামলায় দাবি করা হয়েছে।
মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন— চারখাই ইউপি চেয়ারম্যান ও নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হোসেন মুরাদ চৌধুরী, নজরুল ইসলাম, এনাম উদ্দিন, ফয়ছল আহমদ চৌধুরী, আলা উদ্দিন, আব্দুল আহাদ চৌধুরী, শাহিন আহমদ, শামীম আহমদ ও নাজমুল ইসলাম। এ ছাড়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং রিটানিং অফিসারকেও মামলায় আসামি করা হয়েছে।
মামলাকারী ধলা মিয়া বলেন, নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও বিধিবহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে তার অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এর আগে গত শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত চারখাই বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৬-২০২৯-এর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. দুলাল আহমদ এবং সাধারণ সম্পাদক পদে হিরণ আহমদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. দুলাল আহমদ ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুল বাতিন চৌধুরী ২২৯ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে হিরণ আহমদ ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে মিলন আহমদ ১৯৩ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে মো. সাহেদ আহমদ ২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মুক্তিত ৩৩১ ভোট এবং প্রচার সম্পাদক পদে ফরহাদ আহমদ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মঞ্জুর আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সদস্য পদে আবু সফিয়ান ৩৩৭, মো. আলী আহমদ ফাহিম ৩২২, আতাবুর রহমান ২৯৮, রফিক আহমদ ২৯৪, আব্দুল মুক্তিত সোনা মিয়া ২৮৩, মো. আব্দুল হান্নান ২৫৭ এবং সাদিচুর রহমান ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।