
প্রবাসী অধ্যুষিত জনপদ বিয়ানীবাজার উপজেলার স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে যাত্রা শুরু করেছে দ্য রয়াল ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। রোগ নির্ণয়ের জন্য আধুনিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এ কেন্দ্রটি স্থানীয় বাসিন্দাদের জন্য চিকিৎসাসেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গত রবিবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে করিম বার্সেলোনা টাওয়ারে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন প্রধান অতিথি।
চিকিৎসক ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির মেডিকেল সার্ভিস ডিরেক্টর ডা. মোহাম্মদ সাদেকুর রহমান মিঠু।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বিয়ানীবাজারবাসীকে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে এখানে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের পরামর্শসেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রোগ নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও পাওয়া যাবে।
এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দ্য রয়াল ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের কার্যক্রমের মাধ্যমে বিয়ানীবাজারে রোগ নির্ণয় ও চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষের সুবিধা বাড়বে।