
এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করলে দেশের প্রায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করতে দেখা যায় সচরাচর সব জায়গায়ই। তবে এবারের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদেরই শুধু নয়, ভালো ফলাফল অর্জন করায় শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদেরও সম্মাননা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
গত মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সেই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না।
নবম শ্রেণির শিক্ষার্থী ছানিয়া হোসেনের পরিচালনায় ও প্রধান শিক্ষক মো. আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় হতাহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ উল্লাহ পারভেজ, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী ছুফিয়ান আহমদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কবি ওয়ালী মাহমুদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আজিম উদ্দিন, কমিটির সাবেক সদস্য সামছুল ইসলাম, একতা ফাউন্ডেশন পাতন’র সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, জিয়া উদ্দিন, শিক্ষক তাজ উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক কমিটির সদস্য বাবুল হোসেন, শিক্ষক আতাউর রহমান, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক আলতাফ হোসেন, আব্দুল করিম, সাব্বির আহমেদ, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি এহছানুল করিম খোকন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, শিক্ষার আসল উদ্দেশ্য সাধনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবককে সম্মিলিত ভাবে যেমন কাজ করতে হয়, তেমনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সৃষ্টি ও রক্ষায় উদ্দ্যোমী হতে হয়। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বের প্রশংসা করে বক্তারা বলেন, তিনি শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে এবং তা ধরে রাখতে তাঁর শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এছাড়াও শ্রদ্ধার সাথে প্রবাসীদের অনুদানের কথা স্বীকার করে তারা আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় এ বিদ্যালয় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।
অনুষ্ঠানে বিদ্যালয় উত্তম ফল অর্জন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা পুরস্কার, অভিভাবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

একতা ফাউন্ডেশন ও স্থানীয় এলাকার পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীদের সম্মাননা স্মারক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এছাড়াও একতা ফাউন্ডেশন অনুষ্ঠানে আগত সকলের জন্য মিষ্ঠান্ন বিতরণ করেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাছনিম রাহনুমা খানম, আয়েশা সিদ্দিকা, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী মায়িশা হোসেন, মায়ছা আক্তার নিহা, আফরা আনান আইমা, নুসরাত জান্নাত রাকি, সিনিয়র শিক্ষক জনাব শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক গণেশ চন্দ্র প্রমুখ।
উল্লেখ্য, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৭ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ তহেকে ১৩ জন শিক্ষার্থী অংশ নেয় এবং এর মধ্যে ৬জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন। বিজ্ঞান বিভাগের এবারের পাশের হার ছিল শতভাগ।