
সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ জুন) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি নিয়মিত টহল দল উপজেলার মুড়িয়া ইউনিয়নের চাতালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাতালপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অবৈধ পণ্য ও মাদক চোরাচালান রোধে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেন।