
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব উপজেলা কৃষি কর্মকর্তাকে অর্পণ করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে গত ২২ জুন জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের ১৯ আগস্ট ২০২৪ তারিখের পরিপত্র এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিয়ানীবাজারের ১১ জুন ২০২৬ তারিখের পত্রের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে ও পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা কৃষি কর্মকর্তা, বিয়ানীবাজারকে মাথিউরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রয়োগ করবেন। এ দায়িত্ব পালনের জন্য প্রচলিত বিধি অনুযায়ী কেবল দায়িত্বভাতা প্রাপ্য হবেন, তবে দায়িত্বভাতার অতিরিক্ত কোনো ভাতা বা সুযোগ-সুবিধা পাবেন না।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।