1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজার-জুড়ি ফুল কন্ট্রোলে নেবে বিজিবি, অন্য দুটিতে সমন্বয়

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৪২২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের অধীনস্থ চারটি সেক্টর (সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ) এর ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ১৭টি জেলার ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে শুধুমাত্র সিলেট বিভাগে ৯০টি প্লাটুনে ২ হাজার ১০০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে সিলেট সীমান্তে বাড়তি নিরাপত্তার ব্যবস্থার নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বিয়ানীবাজারস্থ সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন। সেখানে তাদের প্রস্তুতি ও বাড়তি নিরাপত্তার কথা জানানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, জনগণের ভোটাধিকার সুরক্ষায় প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্রীমঙ্গল সেক্টরের অধীনে বিজিবি সদস্যরা ২টি জেলার দুই উপজেলায় এককভাবে, আর অন্য দুই উপজেলায় অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

সীমান্তবর্তী বিয়ানীবাজার ও জুড়ি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া গোলাপগঞ্জ ও বড়লেখা উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা উপজেলা ভিত্তিক চারটি বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে ইতোমধ্যে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। ফলে সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জামসহ পেশাগতভাবে প্রস্তুত, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ অবস্থায় দায়িত্ব পালনে সক্ষম বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়- বিজিবির সদর দপ্তরের দিকনির্দেশনায় সরাইল রিজিয়ন অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয় ভূমিকা পালন করবে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধীনস্থ ৪টি উপজেলায় ৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে চেকপোস্ট। এর মধ্যে বিয়ানীবাজার ও জুড়ি উপজেলায় বিজিবি এককভাবে এবং গোলাপগঞ্জ ও বড়লেখা উপজেলায় দায়িত্ব পালনে সেনাবাহিনীর সাথে মাঠে সমন্বয় করবে বিজিবি।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন সন্ত্রাসী, দল, গোষ্ঠী কিংবা অসাধু চক্র যাতে সক্রিয় হতে না পারে এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া নির্বাচনকালীন দায়িত্ব পালনের লক্ষ্যে বিজিবি সদস্যদের ২১ দিনব্যাপী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ভোটকেন্দ্রের যেকোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ৪ সপ্তাহব্যাপী এসটিএক্স এর মাধ্যমে ব্যবহারিক প্রশিক্ষণ বিজিবিকে দেয়া হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে সরাইল রিজিয়নের ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে সিলেট সেক্টরের অধীনে ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এ সময়ে যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে জন্য বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সরাইল রিজিয়ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বিজিবি।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷