
সিলেটের বিয়ানীবাজারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি ব্যবহার করে অপপ্রচার, মানহানিকর পোস্ট ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেন। বৃহস্পতিবার (৭ মে) তিনি এই সাধারণ ডায়েরি করেন।
জিডি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে মো. ছরওয়ার হোসেন উল্লেখ করেন, তিনি একজন ব্যবসায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়েছে, ‘বিয়ানীবাজার ক্রাইম রিপোর্ট’, ‘ভোরের খবর’, ‘ওমর ফারুক’, ‘আসলাম ইসলাম’, ‘আকবর হোসাইন’ নামে কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের মানহানিকর পোস্ট প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির সিনিয়র নেতাদের নিয়েও অশালীন ভাষায় গালিগালাজ ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের কারণে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিষয়টি থানা পুলিশকে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি।
অভিযোগকারী বিএনপি নেতা মো. ছরওয়ার হোসেন বলেন, ‘এসব ফেইক আইডি ও পেজ ব্যবহার করে গুপ্ত সংগঠনের লোকজন আমিসহ আমার দলের প্রধান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মত প্রকাশের নামে কুরুচিপূর্ণ কথাবার্তা ও গালিগালাজ উল্লেখ করা হচ্ছে। আমি এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরি করেছি। জিডি নং ৩৪৯, (০৭/০৫/২০২৬ইং)। আমি আশা করছি পুলিশ প্রশাসন তদন্ত সাপেক্ষে এসব গুপ্তগুন্ডাদের আইনের আওতায় নিয়ে আসবে।’
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জিডিটি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। তিনি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।